চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় নতুন প্রযুক্তি যুক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী

১৮ আগষ্ট, ২০২০ ২০:২৬  
করোনা অনেক কিছু শিখিয়েছে, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা করার জন্য নতুন প্রযুক্তি যুক্ত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘শোকাবহ আগস্ট এবং জাতির জনকের শিক্ষা দর্শন’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ভার্চ্যুয়াল সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় বহুবিদ সমস্যা রয়েছে। ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান করা হয়েছে। বাকি সমস্যারও সমাধান করা হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর জাতি গঠনের জন্য যথাযথ পদক্ষেপ নেবে সরকার। শুধু সরকারের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।